WhatsApp : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর! অবশেষে বহু প্রতীক্ষিত ‘ইউজারনেম’ বা ব্যবহারকারীর নাম সংরক্ষণের সুবিধা চালু করতে চলেছে এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম।
এর ফলে নতুন কারও সঙ্গে চ্যাট করার সময় আর নিজের ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না।
ব্যবহারকারীদের গোপনীয়তা বা প্রাইভেসিকে আরও সুরক্ষিত করতেই আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে এই নতুন আপডেটটি নিয়ে আসা হচ্ছে এবং অফিশিয়াল লঞ্চের আগেই ব্যবহারকারীদের নিজেদের পছন্দের ইউজারনেমটি সংরক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে।

কেন গুরুত্বপূর্ণ এই নতুন ইউজারনেম ফিচার?
এই নতুন ফিচারের ফলে অচেনা মানুষদের সঙ্গে কথা বলার সময়, বড় কোনও গ্রুপে যুক্ত হওয়ার ক্ষেত্রে অথবা ব্যবসায়িক প্রয়োজনে চ্যাট করার সময় ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ পাবেন।
হোয়াটসঅ্যাপ(WhatsApp) তাদের অফিশিয়াল ব্লগে জানিয়েছে,
“নতুন কারও সঙ্গে আলাপের সময় নিজের ফোন নম্বর শেয়ার করাটা অনেকের কাছেই বড় পদক্ষেপ বলে মনে হতে পারে। কারণ, ফোন নম্বরের সঙ্গে ব্যক্তিগত জীবনের অনেক কিছু জড়িয়ে থাকে। এই নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের ফোন নম্বর গোপন রেখেই চ্যাট করতে পারবেন।”
বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে, যেখানে অনেকেই অচেনা থাকেন, এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছে সংস্থা।
নিরাপত্তায় আরও জোর
অচেনা ব্যক্তিদের অবাঞ্ছিত মেসেজ থেকে রক্ষা পেতে এই ফিচারে কোনও ‘পাবলিক ইউজারনেম ডিরেক্টরি’ বা সার্চ সাজেশনের সুবিধা রাখা হচ্ছে না।
অর্থাৎ, কারও সঙ্গে প্রথমবারের জন্য যোগাযোগ করতে হলে প্রেরককে তার সঠিক ইউজারনেমটি জানতে হবে।
এর পাশাপাশি নিরাপত্তার স্বার্থে একটি ঐচ্ছিক ‘ইউজারনেম কি’ বা পিন নম্বরের সুবিধাও আনছে মেটার এই প্ল্যাটফর্মটি।
এই অপশনটি চালু থাকলে, কেউ মেসেজ পাঠাতে চাইলে তাকে ইউজারনেমের পাশাপাশি সেই বিশেষ কি বা পিন নম্বরটিও দিতে হবে।
WhatsApp : আগে থেকেই সংরক্ষণ করা যাবে পছন্দের ইউজারনেম
বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের(WhatsApp) প্রায় তিনশো কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছেন, তাই একই নামের একাধিক দাবিদার থাকাটা স্বাভাবিক।
সেই কারণেই অফিশিয়াল লঞ্চের আগেই ইউজারনেম সংরক্ষণের এই সুযোগ দেওয়া হচ্ছে, যাতে সবাই নিজেদের পছন্দের নামটি বেছে নেওয়ার সুযোগ পান।
ক্রিয়েটর বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি চাইলে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইউজারনেমটি হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন, যাতে মেটার সমস্ত প্ল্যাটফর্মে তাঁদের একই পরিচিতি বজায় থাকে।
ইউজারনেম তৈরির নিয়ম
সর্বোচ্চ পঁয়ত্রিশ অক্ষরের এই ইউজারনেমে ইংরেজি অক্ষর, নম্বর, ডট এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে।
প্রয়োজনে ইউজারনেম পরিবর্তন বা মুছে ফেলার সুযোগও থাকবে।
কীভাবে এই সুবিধা ব্যবহার করবেন?
এই সুবিধা পেতে ব্যবহারকারীদের অ্যাপটি সর্বশেষ ভার্সনে আপডেট করে ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্ট’ এবং তারপর ‘ইউজারনেম’ অপশনে গিয়ে নিজেদের পছন্দের নামটি বেছে নিতে হবে।
আপনার দেশে এই সুবিধাটি চালু হলেই অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
কলমে : সুনীপম মহাকুল
