কলকাতা, ১০ জুলাই, ২০২৬: পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির (রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক) বিপুল ক্ষতি করার উদ্দেশ্যে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অপরাধে রিল্যায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (আরএইচএফএল), আরএইচএফএল-এর দুই প্রাক্তন ঊর্ধ্বতন আধিকারিক শ্রী রবীন্দ্র সুধালকর (এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিইও) ও শ্রী গোপালকৃষ্ণন আইয়ার (চিফ রিস্ক অফিসার) এবং রিল্যায়েন্স ক্যাপিটাল লিমিটেডের প্রাক্তন ঊর্ধ্বতন আধিকারিক শ্রী ধনঞ্জয় ভগবানপ্রসাদ তিওয়ারি (চিফ ক্রেডিট অ্যান্ড রিস্ক অফিসার) সহ চারজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) মুম্বইয়ের সিবিআই মামলার বিশেষ বিচারকের সমক্ষে রিল্যায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (আরএইচএফএল) মামলার প্রথম চার্জশিট পেশ করেছে।
তদন্তে উঠে এল ঋণের অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার পেশ করা চার্জশিটটি সিবিআই দ্বারা পরিচালিত তদন্তের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা প্রকাশ করেছে যে, আরএইচএফএল (RHFL) দ্বারা ধার নেওয়া তহবিলগুলি এই ধরণের ঋণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী লঙ্ঘন করে মধ্যস্থতাকারী এবং কনডুইট (মাধ্যম)-গুলির মাধ্যমে বিভিন্ন রিল্যায়েন্স এডিএ (ADA) গ্রুপ কোম্পানিতে ডাইভার্ট বা সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে, ঋণদাতা ব্যাঙ্কগুলির ক্ষতি হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সত্তাগুলির লাভ হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ক্ষতি ₹৩,৫২৬.৩৫ কোটি
প্রকৃতপক্ষে, সিবিআই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কনসোর্টিয়ামের অন্যান্য পিএসইউ (PSU) ব্যাঙ্কগুলির কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এই মামলাটি নথিভুক্ত করেছিল। কনসোর্টিয়ামের ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মোট ক্ষতির পরিমাণ হল, ৩,৫২৬.৩৫ কোটি টাকা।
আরও তদন্তের সুযোগ খোলা রাখল সিবিআই
পাবলিক সেক্টর বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ক্ষতি করার সঙ্গে জড়িত অন্যান্য নির্দেশক (ডিরেক্টর), সংস্থা এবং সরকারি কর্মচারীদের ভূমিকা নিশ্চিত করার জন্য সিবিআই আরও তদন্তের সুযোগ খোলা রেখেছে। যথাসময়ে অতিরিক্ত (সম্পূরক) চার্জশিট পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
এ পর্যন্ত দুই অভিযুক্ত গ্রেফতার
সিবিআই এই মামলায় এ পর্যন্ত দুজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে—(রিল্যায়েন্স)আরএইচএফএল-এর প্রাক্তন সিইও বা মুখ্য কার্যনির্বাহী অধিকর্তা শ্রী রবীন্দ্র সুধালকর এবং প্রাক্তন নির্দেশক শ্রী অমিত বাপনা। অভিযুক্ত দুজনেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
রিল্যায়েন্স এডিএ গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত
বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং এলআইসি (LIC)-র কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সিবিআই রিল্যায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (আরকম), আরএইচএফএল এবং Reliance টেলিকম লিমিটেড (আরটিএল)-এর বিরুদ্ধে সাতটি এফআইআর (FIR) নথিভুক্ত করে।
সিবিআই এর আগে ২৯ মে, ২০২৬ তারিখে আরকম (RCom) মামলায় ১৬ জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার প্রথম চার্জশিট এবং ৭ জুলাই, ২০২৬ তারিখে Reliance কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড (আরসিএফএল) মামলায় সাতজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট পেশ করে। বর্তমান চার্জশিটটি রিল্যায়েন্স এডিএ গ্রুপ মামলাগুলির ক্ষেত্রে পেশ করা তৃতীয় চার্জশিট।
সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে তদন্ত
এই মামলাগুলি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রক্রিয়াটিও সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে।
সূত্র: প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB), ভারত সরকার।
