ভূপাতিত ভেনিজুয়েলায়(Venezuela) ‘বন্ধুত্ব’-এর পরশ, 14 হাজার কিলোমিটার দূরে ত্রাতার ভূমিকায় ভারতের ‘ভীষ্ম’
ভেনিজুয়েলার(Venezuela) বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল ভারত
নয়াদিল্লি: প্রকৃতির রোষে যখন লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা(Venezuela) কার্যত ধ্বংসস্তূপে পরিণত, ঠিক তখনই দূর আকাশের বুক চিরে বন্ধুত্বের বার্তা নিয়ে উড়ে গেল ভারতের বায়ুসেনার বিমান।
বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত ওই দেশের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ‘অপারেশন আমিস্তাদ’-এর অধীনে এক বিশেষ মেডিক্যাল দল পাঠাল ভারতীয় সেনা। স্প্যানিশ শব্দ ‘আমিস্তাদ’-এর অর্থ হল বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বেরই যোগ্য মর্যাদা দিয়ে ২৬ জুন বিকেলে হিন্ডন বায়ুসেনা ঘাঁটি থেকে দু’টি বিশাল ‘সি-১৭ গ্লোবমাস্টার’ বিমানে চেপে রওনা দিয়েছেন ভারতের এক বিশেষ দল।

৪১ সদস্যের বিশেষ মেডিক্যাল টিম
৪১ সদস্যের এই দলে রয়েছেন ৯ জন মেডিক্যাল অফিসার, যাঁরা আদতে ‘৬০ প্যারা ফিল্ড হাসপাতাল’-এর অংশ।
১৪ হাজার কিলোমিটারের দীর্ঘ যাত্রা
ভারত থেকে ভেনিজুয়েলার(Venezuela) আকাশপথের দূরত্ব নেহাত কম নয়, প্রায় ১৪ হাজার ৩০০ কিলোমিটার। অথচ গ্লোবমাস্টারের এক টানে ওড়ার ক্ষমতা মাত্র ৪ হাজার ৪০০ কিলোমিটার।
মাঝপথে শূন্যে ভাসমান অবস্থায় বিমানে জ্বালানি ভরার নিজস্ব ব্যবস্থা ভারতের হাতে না থাকায়, যাত্রাপথে একাধিক বন্ধু রাষ্ট্রে থেমে জ্বালানি ভরে তবেই গন্তব্যে পৌঁছবে এই বিশাল বিমানদুটি।
এই সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তাদের সঙ্গে যাচ্ছে বিদেশ মন্ত্রকের দেওয়া প্রায় ছ’টন জীবনদায়ী ওষুধ এবং অন্যান্য ত্রাণের সামগ্রী।
অভিযানের সবচেয়ে বড় শক্তি ‘ভীষ্ম কিউব’
তবে এই অভিযানের সবচেয়ে বড় চমক বা তুরুপের তাসটি হল ‘আরোগ্য মৈত্রী’ প্রকল্পের অধীনে তৈরি ভারতের নিজস্ব অত্যাধুনিক প্রযুক্তি ‘ভীষ্ম কিউব’ (ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ, হিত অ্যান্ড মৈত্রী)।
এটি আসলে সহজেই বহনযোগ্য আস্ত একটি মডিউলার হাসপাতাল, যা নিমেষের মধ্যে যে কোনও জায়গায় গড়ে তোলা সম্ভব।

কী কী সুবিধা রয়েছে ভীষ্ম কিউবে?
এই জাদুকরী কিউবের ভিতরে রয়েছে পোর্টেবল ভেন্টিলেটর, সার্জিক্যাল যন্ত্রপাতি থেকে শুরু করে নিজস্ব বিদ্যুৎ ও অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা, যার সাহায্যে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় একসঙ্গে ২০০ জন রোগীর নিবিড় চিকিৎসা ও অস্ত্রোপচার করা সম্ভব।
মানবিক বার্তা দিল ভারত
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, এই ‘অপারেশন আমিস্তাদ’ আসলে বিশ্বমঞ্চে বিপদের দিনে বন্ধু রাষ্ট্রের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভারতের চিরকালীন মানবিক প্রতিশ্রুতিরই এক জ্বলন্ত প্রমাণ।
